শিশুদের স্বপ্নের মাঠে ওয়ার্ল্ড ভিশনের আলোকবর্তিকা

জাবেদ আবেদীন শাহীন: খেলার ছন্দে বাজল সাম্যের সুর। কক্সবাজারের ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এক অনন্য আয়োজনে মেতে উঠল অর্ধশত শিশু-কিশোর। আর্ন্তাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর চাইল্ড সেফটি নেট প্রজেক্ট-এর উদ্যোগে আয়েজিত "ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬" শুধু একটি খেলার আসর নয়, এটি ছিল সামাজিক সচেতনতা, নারী-পুরুষ সমতা এবং শিশু সুরক্ষার এক ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা।

বুধবার ১৮ ফেব্রুয়ারী সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দিনব্যাপী এই প্রীতি ক্রিকেট খেলা। ছেলে ও মেয়ে শিশুরা একই মাঠে একই আনন্দে মিলিত হয়ে প্রমাণ করে দিল খেলার মাঠে লিঙ্গ কোনো বাধা নয়।

খেলা শেষে বিকেলে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চাইল্ড সেফটি নেট প্রজেক্ট-কক্সবাজারের উপজেলা কো-অর্ডিনেটর জগন্ময় প্রদীপ বিশ্বাস এবং মোবিলাইজেশন অ্যান্ড সিস্টেম স্ট্রেন্দেনিং অফিসার পার্থ প্রতীম বাগচী।

বক্তব্যে জগন্ময় প্রজেশ বিশ্বাস বলেন, খেলাধুলা শুধু শরীরকে সুস্থ ও সবল রাখে না, এটি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা ও আত্মবিশ্বাস অর্জনের এক বিশেষ মাধ্যম। ওয়ার্ল্ড ভিশন তার কার্যক্রমের অংশ হিসেবে চাইল্ড ফোরাম ও ইমপেক্ট প্লাসের সদস্যদের নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, যাতে তারা পড়ালেখার পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও সামাজিক সচেতনতায় ভূমিকা রাখতে পারে।

পার্থ প্রতীম বাগচী বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ ও সবল রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  কৈশোরকাল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় ছেলে ও মেয়েরা যখন একসঙ্গে খেলার মাঠে নামে, তখন তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং বুঝতে পারে যে সমাজে নারী-পুরুষ উভয়েরই সমান গুরুত্ব রয়েছে।

তিনি আরো বলেন,এই টুর্নামেন্ট আয়োাজনের পেছনে শুধু ক্রীড়া প্রতিভার বিকাশই নয়,বরং বেশ কিছু সামাজিক লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মেয়েদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা, সামাজিক বাধা ও বৈষম্য দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন দৃঢ করা।

দিনব্যাপী উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী মুহূর্তে শিশুদের মুখে যে উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল, তা স্পষ্টই বলে দিচ্ছিল  এই টুর্নামেন্ট শুধু একটি খেলার দিন ছিল না, এটি ছিল তাদের জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্ট কক্সবাজার অঞ্চলে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের সামগ্রিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। চাইল্ড ফোরাম ও ইমপেক্ট প্লাস প্ল্যাটফর্মের মাধ্যমে শিশুরা নিজেরাই তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এবং সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিশুদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। 


Post a Comment

0 Comments